গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি বাড়িতে বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। পরিত্যক্ত সেল থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২৫ মার্চ) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ. ন. ম. ইমরান খান এ তথ্য জানান।
তিনি জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরিত্যক্ত সেল থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছে র্যাব। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
বুধবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে নিহতরা হলেন- বাড়ির মালিক বোরহান উদ্দিন (৩৫), প্রতিবেশী ওয়াহেদুল ইসলাম (৩২) ও অজ্ঞাত এক ব্যক্তি।
জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে দুই ব্যক্তি এসে বোরহানের খোঁজ করেন। একটু পর সেখানে ওয়াহেদুলও আসেন। এরপর তারা বাড়ির একটি অব্যবহৃত ঘরে যাওয়ার কিছুক্ষণ পর বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
নদী বন্দর / পিকে