ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রামের শতবর্ষের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার রেফারি এবং আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নুর মোহাম্মদ লেদু।
বুধবার (২১ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দফতর সহ-সম্পাদক ইদ্রিস আলী।
তিনি বলেন, ‘আজ (বুধবার) সাহরির আগে নগরের বদরপাতি এলাকার বাসিন্দা নুর মোহাম্মদ লেদু মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন।’
তিনি আরও বলেন, ‘তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান মীর নাছির, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবুর রহমান শামীম, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।’
নুর মোহাম্মদ লেদু চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার রেফারি, আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ও বিগত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডে বিএনপির মনোনীত কাউন্সিলর প্রার্থী ছিলেন।
নদী বন্দর / এমকে