মোংলা সমুদ্রবন্দর থেকে মেট্রোরেলের প্রথম মেট্রো ট্রেনের চারটি বগি বুধবার (২১ এপ্রিল) ঢাকার তুরাগ নদীর তীর ডিপো সংলগ্ন এলাকায় নবনির্মিত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেটিতে এসে পৌঁছে।
আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) সেখান থেকে বগিগুলো ঢাকার উত্তরায় ডিএমটিসিএলের ডিপোতে আনা হচ্ছে। বিকেল সাড়ে তিনটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উত্তরার ডিপোতে দু’টি বগি আনা হয়েছে। বাকি দু’টি বগিও আজকের মধ্যেই উত্তরা ডিপোতে আনা হবে।
বিকেল ৪টার পর এসব তথ্য জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সচিব এম এ এন ছিদ্দিক। তিনি বলেন, ‘দু’টি বগি ইতোমধ্যে ডিপোতে উঠে গেছে। তৃতীয় বগিটা রওনা হচ্ছে। আজকের মধ্যেই চারটা বগিই উঠে যাবে। তারপর পরবর্তী প্রোগ্রাম জানাব।’
আজ দুপুরে ডিএমটিসিএলের ফেসবুক পেজে বলা হয়েছে, ‘বাংলাদেশের প্রথম মেট্রোরেলের প্রথম মেট্রো ট্রেনের প্রথম কোচ ডিপোর আনলোডিং এলাকার এম্বেডেড ট্র্যাক (embedded track) এর উপর আজ দুপুর ১২টা ৩ মিনিটে স্থাপন করা হয়েছে।’
১৯ এপ্রিল ডিএমটিসিএলের আরেক ফেসবুক পোস্টে জানানো হয়, ‘মোংলা সমুদ্র বন্দরে শুল্ক ও ভ্যাট সম্পর্কিত কার্যাবলি সম্পন্ন করে প্রথম মেট্রো ট্রেন সেট বহনকারী দুইটি বার্জ ঢাকার তুরাগ নদীর তীরে উত্তরা ডিপো সংলগ্ন এলাকায় নবনির্মিত ডিএমটিসিএল জেটির উদ্দেশ্যে গত ১৬ এপ্রিল যাত্রা শুরু করে। বাংলাদেশের প্রথম মেট্রো ট্রেন সেট বহনকারী বার্জ দুইটি নদী পথে আগামী ২৩ এপ্রিল উত্তরা পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। আজ চাঁদপুর অতিক্রম করেছে।’
নদী বন্দর / পিকে