রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় রবিউল ইসলাম (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। তখন ওই এলাকায় তুমুল ঝড়বৃষ্টি হচ্ছিল।
সোমবার (২৪ মে) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান স্থানীয়রা। কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. রাব্বি জানান, ডেমরা কোনাপাড়া এলাকায় একটি দোকানের কর্মচারী ছিল নিহত রবিউল। রাতে ঝড়বৃষ্টির মধ্যে বাসায় যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া গ্রামে। বাবার নাম জাহাঙ্গীর হোসেন। পরিবারের সঙ্গে সে ডেমরা কোনাপাড়া এলাকায় থাকত।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ডেমরা কোনাপাড়া আহত অবস্থায় হাসপাতালে আনা ওই কিশোর রাতেই মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
নদী বন্দর / এমকে