রাজধানীর কদমতলীর জুরাইন জামে মসজিদ সংলগ্ন এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে কবির হোসেন (১৭) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। কবির চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার বাঙ্গাবাড়ী গ্রামের আলাউদ্দিনের ছেলে। কদমতলীর জুরাইনের জামে মসজিদের পাশে নির্মাণাধীন ভবনে থাকতেন তিনি।
কবিরের সহকর্মী বাবু জানান, সাত দিন ধরে ওই ভবনে কাজ করছিলেন কবির। আজ সকালে প্রতিদিনের মতো কাজ শুরু করে। সাত তলা ভবনের ছয় তলায় প্লাস্টারের কাজ করার সময় অসাবধানতাবশত দ্বিতীয় তলার মেঝেতে এসে পড়েন কবির। এতে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
নদী বন্দর / পিকে