রাজধানীর মুগদা বড় মসজিদ সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে পড়ে গিয়ে শুভ (২৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ভবনটিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।
মঙ্গলবার (২৯ জুন) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। দুপুর আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই সোহেল রানা জানান, মুগদা বড় মসজিদ সংলগ্ন আলভিয়া ডেভলপার কোম্পানির একটি নির্মাণাধীন ভবনের পাঁচতলায় ঢালাইয়ের কাজ করছিলেন শুভ। এ সময় অসাবধানতায় তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বানীপাড়া গ্রামে। কাজের সূত্রে শুভ ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন। তার স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা।
এ বিষয়ে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মুগদা বড় মসজিদ সংলগ্ন এলাকা থেকে আহত অবস্থায় এক নির্মাণশ্রমিককে হাসপাতালে আনার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
নদী বন্দর / জিকে

