জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলন ‘দ্য জুলাই মিনিস্ট্রিয়াল’ এ যোগদান শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন সোমবার (২ আগস্ট) সকালে দেশে ফিরেছেন। কপ-২৬ প্রেসিডেন্ট অলোক শর্মার আমন্ত্রণে তিনি গত ২৪ জুলাই লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
ইংল্যান্ড সফরকালে পরিবেশমন্ত্রী তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল এবং পরিবেশ অধিদফতরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিন।
সফরে তিনি ২৬তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের প্রেসিডেন্ট আলোক শর্মার সভাপতিত্বে ২৫ ও ২৬ জুলাই অনুষ্ঠিত মন্ত্রী পর্যায়ের ‘দ্য জুলাই মিনিস্ট্রিয়াল’ এ অংশগ্রহণ করেন।
এ সভায় আগামী নভেম্বর মাসে যুক্তরাজ্যের স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত কপ-২৬ এ প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রিতে সীমাবদ্ধ রাখা, জলবায়ু অভিযোজন কার্যক্রম বৃদ্ধি, লস অ্যান্ড ড্যামেজ, আর্টিকেল-৬ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ধনী দেশগুলো দরিদ্র দেশকে আর্থিক সহায়তা দান প্রভৃতি বিষয়ে বাংলাদেশের প্রত্যাশা সম্মেলনের প্রেসিডেন্টকে অবহিত করেন।
সফরকালে মন্ত্রী যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনেরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। এছাড়াও ইস্ট লন্ডনের সিডনি স্ট্রিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন।

