চাকরি জাতীয়করণ, সরকারি সুযোগ-সুবিধার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিদের সংগঠন ‘বাংলাদেশ লিফ ঐক্য কল্যাণ পরিষদ’-এর নেতাকর্মীরা।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।
চাকরি জাতীয়করণ, সরকারি সুযোগ-সুবিধা, জাতীয় বেতন স্কেল ২০১৫ এ ১৯/২০ গ্রেডে বেতন ভাতা ও উন্নত মানের মৎস্য চাষ বিষয়ে আবাসিক প্রশিক্ষণ- এই চার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতারা। এ সময় নানা সমস্যার কথা তুলে ধরেন তারা।
বাংলাদেশ লিফ ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মো. রফিকুল ইসলাম বেলাল বলেন, মৎস্য অধিদপ্তরের ইউনিয়ন পর্যায়ে মৎস চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি (লিফ) সদস্যদের মাসিক বেতন-ভাতা দেওয়া হয় মাত্র দুই হাজার টাকা। এই টাকাও দেওয়া হয় দুই থেকে তিন মাস পর। কোনো সময় তা বন্ধ থাকে। গত জুন থেকে আমাদের এই বেতন-ভাতাও বন্ধ রয়েছে। আমরা সংসার চালাতে পারছি না।
এ সময় তিনি আরও বলেন, ইউনিয়ন পর্যায়ে সব অধিদপ্তরেই একাধিক লোক কাজ করে। অথচ আমাদের জনবল কম। একজন মাত্র কাজ করি। তারপরও বেতন হয় না। তাই চাকরি স্থায়ীকরণ আমাদের প্রাণের দাবি।
মানববন্ধনে অন্যদের মধ্যে বাংলাদেশ লিফ ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস ছালামসহ সংগঠনটির বিভিন্ন বিভাগের নেতারা উপস্থিত ছিলেন।
নদী বন্দর / জিকে