জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০০ বেসরকারি গ্রন্থাগারে ধারাবাহিক পাঠ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে গণগ্রন্থাগার অধিদপ্তরের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ সদস্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এ কর্মসূচির উদ্বোধন করেন।
‘পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই’ স্লোগানকে সামনে রেখে একশটি গ্রন্থাগারে এ কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, আমাদের সমাজের বর্তমান অবস্থা শোচনীয় অবস্থায় পৌঁছেছে। মানুষ এখন আর বই পড়ে না, আমাদের ছেলেমেয়েরা দুটি বুকের মধ্য থেকে একটি বুক বেছে নিয়েছে, সেটি হলো ফেসবুক। আমরা এই দুরবস্থা কাটাতে এরই মধ্যে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছি। আমরা এক হাজার লাইব্রেরির আধুনিকায়ন করবো পাশাপাশি ধাপে ধাপে সব বেসরকারি লাইব্রেরিকে গণগ্রন্থাগারের সঙ্গে সম্পৃক্ত করবো।
মন্ত্রী আরও বলেন, গ্রন্থাগার আধুনিকায়ন প্রকল্পের অংশ হিসেবে এখানে (গণগ্রন্থাগার অধিদপ্তর) একটি নতুন ভবন নির্মাণ করা হবে এবং সেটি হবে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন। বেসরকারি গ্রন্থাগারগুলোতে প্রণোদনা হিসেবে যে দুই হাজার টাকা করে দেওয়া হতো, এখন থেকে তা বাড়িয়ে তিন হাজার করে দেওয়া হবে।
বই পড়ার গুরুত্ব উল্লেখ করে সিমিন হোসেন রিমি বলেন, আমাদের ধর্মগ্রন্থেও বারবার পড়ার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। শুধু আমাদের ধর্মগ্রন্থেই নয়, সব ধর্মেই পড়ার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। এই অনলাইনের যুগে বই পড়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য দেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আবু বকর সিদ্দিক, বেসরকারি গ্রন্থাগার প্রতিনিধি মো. শাহনেওয়াজ, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুরসহ গ্রন্থাগারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
নদী বন্দর / পিকে