পুলিশি হয়রানি বন্ধ ও রাইড শেয়ারিং চালকদের শ্রমিক হিসেবে স্বীকৃতিসহ ৬ দফা দাবি জানিয়েছে অ্যাপভিত্তিক ড্রাইভার্স ইউনিয়ন অব বাংলাদেশ।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কর্মবিরতি পালন ও মানববন্ধনে তারা এ দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের গাড়ি, জ্বালানি ও শ্রমের বিনিময়ে যে টাকা পাই, তা থেকে আধুনিক কমিশন গ্রহণকারী কোম্পানিগুলো ২৫ শতাংশের বেশি কেড়ে নিচ্ছে। ফলে দিন শেষে আমাদের যা থাকছে, তা দিয়ে সংসার চালানোই দায়।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, রাস্তায় বের হলেই বিভিন্ন রকম পুলিশি হয়রানির শিকার হচ্ছি আমরা। আমাদের কোথাও দাঁড়ানোর জায়গা নেই। দাঁড়াতে দেখলেই ট্রাফিক পুলিশ এমন জরিমানা করে যা আমরা ৭ দিনেও আয় করতে পারি না।
মানববন্ধনে আন্দোলনকারীরা ৬ দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে- অ্যাপস নির্ভর চালকদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া। সকল প্রকার রাইডে কমিশন ১০ শতাংশ নির্ধারণ করা। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে রাইড শেয়ারিংয়ের যানবাহন দাঁড়ানোর জায়গা দেওয়া। সকল প্রকার পুলিশি হয়রানি বন্ধ করা। এনলিস্টকৃত রাইড শেয়ারকারী যানবাহনগুলোকে গণপরিবহনের আওতায় অ্যাডভান্স ইনকাম ট্যাক্স (এআইটি) মুক্ত রাখা এবং গত বছর নেওয়া এআইটি এনলিস্টকৃত যানবাহন মালিকদের ফিরিয়ে দেওয়া।
কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচিতে ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়ন, সম্মিলিত রাইডার্স অব চট্টগ্রাম ও কোথায় যাবেন রাইড শেয়ারিং গ্রুপ একাত্মতা পোষণ করে।
নদী বন্দর / জিকে

