বাংলাদেশের নয়নাভিরাম সৌন্দর্য ও মানুষের আতিথেয়তা মুগ্ধ জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) বাংলাদেশের বিদায়ী কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আশা টর্কেলসন।
বুধবার (৬ অক্টোবর) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা জানান আশা টর্কেলসন। জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ইন্টিগ্রেটেড পপুলেশন ইস্যু ইনটু ডেভেলপমেন্ট-এসপিসিপিডি প্রকল্পের আওতায় সংসদে বাস্তবায়নাধীন কার্যক্রম ও বাংলাদেশের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন তারা।
এসময় এসপিসিপিডি প্রকল্পের সঙ্গে কাজ করে অর্জিত অভিজ্ঞতা তাকে আরও সমৃদ্ধ করেছে বলে উল্লেখ করেন আশা টর্কেলসন।
সাক্ষাৎকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘এসপিসিপিডি প্রকল্পের আওতায় বাংলাদেশ জাতীয় সংসদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিভিন্ন গণমুখী কার্যক্রম বাস্তবায়নাধীন।’
এসব কার্যক্রমে দীর্ঘদিন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আশা টর্কেলসন ওতোপ্রোতভাবে জড়িত থেকে সহযোগিতা করায় স্পিকার তাকে আন্তরিক ধন্যবাদ জানান।