দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের সঙ্গে সোমবার (১৯ ডিসেম্বর) মন্ত্রণালয়ের অফিস কক্ষে মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের স্পেশাল রেপোর্টিয়ার টম অ্যান্ডুসের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সাক্ষাৎকালে কক্সবাজারের শরণার্থী, শিশুদের লেখাপড়া এবং ক্যাম্পগুলোর অতি ঘনবসতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। স্পেশাল রেপোর্টিয়ার কোভিড-১৯ মোকাবিলায় সরকারের সাফল্যের প্রশংসা করেন।
এ সময় প্রতিমন্ত্রী জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবর্তনের উপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, মিয়ানমার এ সমস্যা সৃষ্টি করেছে। তাদেরকেই সমাধান করতে হবে। রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবর্তনে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টিতে বিশ্ব জনমত গঠন এবং সমস্যা সমাধানে ব্যবস্থা নিতে প্রতিনিধিদলকে অনুরোধ করেন প্রতিমন্ত্রী।
মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন এ সময় উপস্থিত ছিলেন।

