হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ (২০২১-২০২৩) এর বহুল আলোচিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) উৎসবমুখর পরিবেশে রাজধানীর কাকরাইলে আইইডিবি ভবনে সকাল ৯টায় ভোট শুরু হয়।
জানা গেছে, রাজধানীতে ৯১৪ জনসহ সারাদেশে ১ হাজার ৪৪ জন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নেতা নির্বাচন করবেন। এবারের নির্বাচনে বর্তমান সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিমের নেতৃত্বাধীন হাব সম্মিলিত ফোরাম এবং হাবের সাবেক সভাপতি আবদুস সোবহান ভূঁইয়া নেতৃত্বাধীন হাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্ট অংশগ্রহণ করছে।
তবে এ নির্বাচন নিয়ে গতকাল ২৯ ডিসেম্বর পর্যন্ত অনিশ্চয়তা ছিলো। নানা অভিযোগে নির্বাচন স্থগিতের জন্য হাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্ট নেতারা আদালতের শরণাপণ্ন হলে উচ্চ আদালত ভোটগ্রহণের স্থগিতাদেশ দেন। গতকালই উচ্চ আদালতের নির্দেশে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, নির্বাচনের মাঠে বর্তমান সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিমের নেতৃত্বাধীন হাব সম্মিলিত ফোরামের নেতাকর্মীরা উপস্থিত থাকলেও অপর প্যানেলের প্রার্থী ও নেতা-কর্মীরা উপস্থিত নেই!
হাব সম্মিলিত ফোরামের প্যানেল প্রধান ও বর্তমান হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম জাগো নিউজের সঙ্গে আলাপকালে বলেন, অত্যন্ত শান্তিপূর্ণভাবে ও আনন্দঘন পরিবেশে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা সুষ্ঠুভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
ভোটের মাঠে প্রতিপক্ষ নেই, একতরফা নির্বাচন হচ্ছে কি-না এমন প্রশ্নের জবাবে এম শাহাদাত হোসাইন তাসলিম বলেন, দেখুন বর্তমানে এমন একটা কালচার সৃষ্টি হয়েছে কোনো প্রার্থী যদি মনে করে সে নির্বাচনে নিশ্চিতভাবে পরাজিত হতে যাচ্ছে তাহলে মাঠ ছেড়ে চলে যায়। এখানকার ভোটাররা সবাই সচেতন। ছবিযুক্ত ভোটার তালিকা ও আইডেন্টিটি কার্ড রয়েছে। সবাই বয়োজ্যেষ্ঠ এবং অভিজ্ঞ। সুতরাং এ নির্বাচন নিয়ে বিতর্ক তোলার কিছু নেই।
হাব সম্মিলিত ফোরামের প্রধান নির্বাচন সমন্বয়কারী ফরিদ আহমেদ ও চিফ পোলিং এজেন্ট মাওলানা ইয়াকুব শরাফতি বলেন, অত্যন্ত আনন্দঘন পরিবেশে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সকাল থেকে ভোটগ্রহণ চলছে। এরই মধ্যে দুপুর ১টা পর্যন্ত ঢাকার ৯১৪ ভোটারের মধ্যে ৪ শতাধিক ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নদী বন্দর / এমকে