সাভারে বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তিন কর্মকর্তাসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন যাত্রী।
আজ রবিবার (০৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা সড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বাসিন্দা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ইঞ্জিনিয়ার কাউসার আহম্মেদ রাব্বি, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা অন্তঃসত্ত্বা পূজা সরকার ও পরমাণু শক্তি কমিশন স্টাফ বাসের চালক রাজিব হোসেন।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা সড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস ইউটার্ন নেওয়ার সময় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের দ্রুতগামী একটি বাসে ধাক্কা দেয়। এ সময় ঢাকাগামী একটি গরুবোঝাই ট্রাক আবার বাসের সামনের অংশে ধাক্কা দিলে চারজন নিহত হন। এদের মধ্যে পরমাণু শক্তি কমিশনের বাসের চালক রয়েছেন।
সাভার ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, ঘটনা সাড়ে ৯টার দিকে। খবর পেয়ে আমাদের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩৫-৪০ জনের মতো।
পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে।
নদী বন্দর/এসএফ