বাংলাদেশে সাময়িক আশ্রয়ে থাকা রোহিঙ্গাদের ফেরতে কম্বোডিয়া প্রধানমন্ত্রীর সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। আসিয়ানের বর্তমান চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন।
স্থানীয় সময় শুক্রবার (১৫ জুলাই) কম্বোডিয়া সফরকালে দেশটির প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ড. মোমেন এ সমর্থন চান। এ সময় কূটনৈতিক সম্পর্কের ৩০ বছর পূর্তি উপলক্ষে আগামী বছর কম্বোডিয়ার প্রধানমন্ত্রীকে ঢাকা সফরের জন্য আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশের পক্ষ থেকে।
সাক্ষাতের সময় ড. মোমেন সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপের জন্য বাংলাদেশের প্রার্থিতার পক্ষেও কম্বোডিয়ার সমর্থন চান সে দেশের প্রধানমন্ত্রীর কাছে ।
সৌজন্য সাক্ষাতে তারা বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কে উষ্ণতা প্রকাশ করে উভয় পক্ষ আগামী দিনে এ সম্পর্ক আরও জোরদার করার সংকল্প ব্যক্ত করেন।
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু চালু করায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জনগণকে অভিনন্দন জানান। কম্বোডিয়ার মতো উন্নয়নশীল দেশের জন্য এ ধরনের সেতু গর্বের প্রতীক বলে অভিহিত করেন তিনি। এ সময় শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান কম্বোডিয়ার প্রধানমন্ত্রী।
নদী বন্দর/এসএফ