ব্রুনাই দারুসসালামের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ তিনদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন।
সুলতানকে বহনকারী বিশেষ ভিভিআইপি ফ্লাইটটি দুপুর ২টা ২৪ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এটি সুলতান ওয়াদ্দৌলাহের প্রথম ঢাকা সফর।
বিমানবন্দরে তাকে উষ্ণ সংবর্ধনা দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এসময় ২১ বার তোপধ্বনির মাধ্যমে সুলতানকে গার্ড অব অনার দেয় সেনাবাহিনী, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল।

পরে একটি সুসজ্জিত মোটরশোভাযাত্রা সহকারে সুলতানকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সুলতানকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে নেওয়া হবে।
শনিবার (১৫ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সুলতানের সঙ্গে ব্রুনাইয়ের রাজপরিবারের সদস্য, দেশটির বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, ব্রুনাই সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা সফরসঙ্গী হিসেবে থাকবেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তার সঙ্গে সাক্ষাৎ করবেন। সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন সুলতান। পরে তিনি বঙ্গভবনের গ্যালারি হলে দর্শনার্থী বইয়ে সই করবেন।
রাষ্ট্রপ্রধান ৭টা ৩৫ মিনিটে সুলতানের সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন।
রোববার (১৬ অক্টোবর) সকাল সোয়া ১০টায় সুলতান ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
সকাল ১০টা ১৫ মিনিটে তিনি সেখানে রক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করবেন। জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতার পরিবারের সদস্যরা সুলতানকে অভ্যর্থনা জানাবেন।

বিকেল ৩টা ৫০ মিনিটে ব্রুনাইয়ের সুলতান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার অফিসের শিমুল হলে একান্ত বৈঠক করবেন। পরে পিএমও’র চামেলী হলে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক হবে।
সুলতানের সফরকালে দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় বিমান চলাচল, বাংলাদেশি জনশক্তি নিয়োগ এবং দুদেশের নাবিকদের সনদ দেওয়াসহ পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।
ঢাকা ত্যাগের আগে বিমানবন্দরে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদানের পর পররাষ্ট্রমন্ত্রী ব্রুনাইয়ের সুলতান ও তার সফর সঙ্গীদের বিদায় জানাবেন।
নদী বন্দর/এসএইচ