নেপাল এই মুহূর্তে বাংলাদেশকে ৪০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে। নেপালের বিদ্যুৎ খাতে একটি মেগাপ্রকল্প শেষ হওয়ার পর এর পরিমাণ আরো বাড়বে বলে জানিয়েছেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে নেপালের রাষ্ট্রদূত এ কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।
নেপালের রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে ইহসানুল করিম বলেন, ‘প্রকল্পটি সম্পন্ন করার পর নেপাল বাংলাদেশকে আরো বেশি বিদ্যুৎ দিতে সক্ষম হবে। ’
ঘনশ্যাম ভান্ডারী বাংলাদেশের বাংলাবান্ধা বন্দরকে তাদের রপ্তানির উদ্দেশ্যে ব্যবহার করতে তার দেশের গভীর আগ্রহ প্রকাশ করেন। কারণ এই বন্দরটি বুড়িমারী বন্দরের চেয়ে নেপালের কাছাকাছি।
নেপাল বাংলাদেশকে বিশেষ দৃষ্টিতে দেখে উল্লেখ করে তিনি বলেন, তার দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদার করতে চায়।
শিক্ষা খাতে বাংলাদেশের সহযোগিতার প্রশংসা করে নেপালের রাষ্ট্রদূত বলেন, অনেক নেপালি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য এখানে পড়াশোনা করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনিযুক্ত রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান এবং বাংলাদেশে এই দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় অ্যাম্বাসেডর এ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন।
নদী বন্দর/এসএইচ