মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, যত দিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন, তত দিন এ দেশের মানুষ নিরাপদে থাকবে। এ জন্য মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।
প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা আজ রবিবার মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মুন্সীগঞ্জ হানাদারমুক্ত দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা প্রশাসন এ আলোচনাসভার আয়োজন করে।
ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। দেশের উন্নয়ন রুদ্ধ করতে ষড়যন্ত্র হচ্ছে। বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে চলন্ত বাসে জ্বলন্ত আগুনে জীবন্ত ও ঘুমন্ত নারী-শিশুসহ বহু মানুষকে হত্যা করেছে। আগামী নির্বাচন সামনে রেখে তারা হত্যা ও ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। এই বিএনপি-জামায়াত ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে। ’
‘১১ ডিসেম্বর মুন্সীগঞ্জবাসীর জন্য অত্যন্ত গৌরবের দিন’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের বীর মুক্তিযোদ্ধারা এই দিন মুন্সীগঞ্জকে শত্রুমুক্ত করেছিল। সরকার বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস, সম্মানী ভাতা চিকিৎসা সুবিধা, রেশন সুবিধা দিচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করেছে। ’
প্রতিমন্ত্রী ইন্দিরা আরো বলেন, ‘স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার সুফল জনগণের ঘরে পৌঁছে দিচ্ছেন। পদ্মা সেতু নির্মাণ হয়েছে। মুন্সীগঞ্জ জেলার বৃহৎ উন্নয়ন কাজের জোয়ার বইছে। মেট্রো রেল, কর্ণফুলী টানেল, মাথাপিছু আয়, ঘরে ঘরে বিদ্যুৎসহ সার্বিক উন্নয়নের মাধ্যমেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালের আগেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। ’
জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে আলোচনাসভায় মুখ্য আলোচক ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মহিউদ্দিন।
সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন বিপিএম পিপিএম, বীরমুক্তিযোদ্ধা মো. আনিছউজ্জামান আনিছ, প্রফেসর আব্দুল হাই তালুকদার, উপজেলা র্নিবাহী অফিসার হোসাইন মো. আল জুনায়েদ, পৌর মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব। সভায় আরো বক্তব্য দেন মুন্সীগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধা ও নেতারা।
নদী বন্দর/এসএইচ