ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপাতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে তিন শিশুসহ কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর করুরে অভিনেতার রাজনৈতিক দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে)-এর মহাসমাবেশে এই ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিহতদের মধ্যে প্রাপ্তবয়স্করা ছিলেন বিজয়ের রাজনৈতিক দল টিভিকে-এর সমর্থক। তারা অন্তত ছয় ঘণ্টা ধরে সমাবেশে অপেক্ষা করছিলেন, তবে বিজয় দেরি করে সমাবেশস্থলে পৌঁছান। তিনি বক্তৃতা শুরুর পরপরই সমাবেশ স্থলে বিশৃঙ্খলা দেখা দেয়।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, টিভিকে প্রধান বিজয় যখন তার বক্তব্য চালিয়ে যাচ্ছিলেন, তখন হঠাৎ করেই সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। এতে নিরাপত্তাকর্মীরা অ্যালার্ম বাজাতে শুরু করেন এবং বিজয় তার বক্তৃতা থামিয়ে দেন। পরে সেখান থেকে বেশ কয়েকজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পিটিআই আরও জানিয়েছে, প্রচন্ড ভিড়ের কারণে অ্যাম্বুলেন্সগুলোকে ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয়। অনুষ্ঠানস্থলে কমপক্ষে ৩০ হাজার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এই ঘটনায় শোক জানিয়েছেন এবং সংশ্লিষ্ট কতৃপক্ষকে পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রহ্মণ্যন করুরে ছুটে গেছেন।
এদিকে তামিলনাড়ুর ক্ষমতাসীন ডিএমকে অবহেলার জন্য বিজয়ের গ্রেফতারের দাবি জানিয়েছে।
নদীবন্দর/জেএস