প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশে সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মুহামেদ সলিহ। বৃহস্পতিবার বেলা ১১টার পর তারা বৈঠক করেন। প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মুহামেদ সলিহর একান্ত ও পরে দ্বিপক্ষীয় বৈঠক হয়।
মালদ্বীপের প্রেসিডেন্টের সফরে দুই দেশের মধ্যে হওয়া আলোচনা ও সমঝোতা নিয়ে যৌথ সংবাদ সম্মেলন হবে আজ (বৃহস্পতিবার) বিকেলে। বিকেল চারটায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্ল রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এবং মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহিদ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন।
বুধবার সকালে বাংলাদেশে এসে পৌঁছান মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মুহামেদ সলিহ। প্রথমে সাভারের স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন।
বুধবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেন।
সফর সূচি অনুযায়ী, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে একটি বৈঠক এবং নৈশভোজের কথা রয়েছে। এরপর রাতেই বাংলাদেশ ছাড়বেন মালদ্বীপের রাষ্ট্রপতি।
নদী বন্দর / পিকে