রাজধানীর খিলগাঁও থানার মেরাদিয়া মধ্যপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে আশিফ (২৩) নামে পুলিশের একজন সোর্সের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে তাকে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ৩টার দিকে তিনি মারা যান।
নিহতের ভাই ফয়সাল জানান, এলাকার সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা গতরাতে ফোন করে আমার ভাইকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে খিলগাঁওয়ের মেরাদিয়া মধ্যপাড়া এলাকায় তাকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়।
তিনি বলেন, আমার ভাই পুলিশের সোর্স হিসেবে কাজ করত। কী কারণে আমার ভাইকে মাদক ব্যবসায়ীরা ছুরিকাঘাত করেছে এ বিষয়ে আমরা কিছু বলতে পারব না।
ফয়সাল জানান, আমাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায়। খিলগাঁও মেরাদিয়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকি। দুই ভাই ও চার বোনের মধ্যে আমার ভাই ছিল পঞ্চম।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খিলগাঁওয়ের মেরাদিয়া থেকে পুলিশের একজন সোর্স ছুরিকাহত হয়ে আসে। ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টার দিকে তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।