রাজধানীর মুগদার বিশ্বরোড এলাকায় ট্রাকের ধাক্কায় রাজন (২৬) নামে এক পিকআপচালক নিহত হয়েছেন। সোমবার (২৬ এপ্রিল) রাতে এই দুর্ঘটনাটি ঘটে।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘সোমবার রাত আনুমানিক ১টার দিকে মুগদা বিশ্বরোড এলাকায় একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে ওই ট্রাকের পেছনে পিকআপটির সজোরে ধাক্কা লাগে। এতে পিকআপচালক রাজন ঘটনাস্থলেই মারা যান। গাজীপুর থেকে সুতা নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি ফেরার সময় এ দুর্ঘটনার শিকার হন তিনি। এ ঘটনায় ট্রাক ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।’
এসআই মোজাম্মেল বলেন, ‘আমরা খবর পেয়ে রাত দেড়টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। এরপর আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।’
পুলিশের এই কর্মকর্তা জানান, নিহত রাজনের বাড়ি লক্ষ্মীপুর সদরের টুমচর গ্রামে। তার বাবার নাম ফজর আলী। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকায় থাকতেন।
নদী বন্দর / জিকে