রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ৬০ ফিট সড়ক থেকে সুজন মিয়া (৪০) নামে এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ মে) ভোরের দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শেখ জহিরুল ইসলাম বলেন, সুজন ভাষানটেক কচুক্ষেত এলাকার নিরাপত্তাকর্মী ছিলেন। ধারণা করা হচ্ছে ওই এলাকায় একটি দোকানে চোরেরা চুরি করতে গেলে সুজন বাধা দেন। একপর্যায়ে চোরেরা সুজনের মাথায় আঘাত করে তাদের গাড়িতে তুলে গলায় গামছা পেঁচিয়ে ৬০ ফুট রাস্তায় ফেলে রেখে যায়।
এসআই জহিরুল বলেন, আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। ময়নাতদন্তের প্রতিবেদনে বিস্তারিত জানা যাবে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়ায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বারহাট্টা গ্রামের মৃত হাসমত আলীর ছেলে সুজন। বর্তমানে কচুক্ষেত এলাকায় থাকতেন। তার দুই ছেলে দুই মেয়ে রয়েছে।
নদী বন্দর / পিকে