নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় আগুনে নিহত ৪৮ জনের মধ্যে ২৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৪ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে মরদেহগুলো হস্তান্তর করা হয়।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে মরদেহ দাফনের জন্য ২৫ হাজার টাকা করে দেয়া হয়।
নাম ঠিকানা মিলিয়ে স্বাক্ষর করে টাকা গ্রহণের পর স্বজনদের কাছে মরদেহগুলো বুঝিয়ে দিয়ে অ্যাম্বুলেন্সে তুলে দেয়া হয়। এ সময় স্বজনদের কান্না আর আহাজারিতে ঢাকা মেডিকেল কলেজের মর্গ এলাকার পরিবেশ ভারি হয়ে ওঠে।
এর আগে সিআইডি পুলিশের এডিশনাল ডিআইজি ঢাকা ও ময়মনসিংহ বিভাগ) ইমাম হোসাইন প্রেস ব্রিফিং এ জানান, অগ্নিকাণ্ডে নিহত ৪৮ জনের শরীর সম্পূর্ণরূপে পুড়ে যাওয়ায় তাদের চেনার উপায় ছিল না। তাই মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা করা হয়।
পরীক্ষা শেষে ৪৮ জনের মধ্যে ৪৫ জনের পরিচয় শনাক্ত হয়। তাদের মধ্যে আজ ২৪ জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। অবশিষ্ট ২১ জনের মরদেহ শনিবার হস্তান্তর করা হবে।

