পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে সবুজ বাংলায় পরিণত করতে দেশজুড়ে বৃক্ষরোপণ শুরু করেছিলেন। কিন্তু স্বাধীনতাবিরোধী কুচক্রীদের ষড়যন্ত্রে তিনি সপরিবারে শাহাদতবরণ করায় তা সম্ভব হয়নি।
তিনি বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের পরিবেশের সার্বিক উন্নয়নে পর্যাপ্ত পরিমাণে বৃক্ষরোপণসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। দলমত নির্বিশেষে সব নাগরিকের সহযোগিতায় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে দ্রুততম সময়ে জাতির পিতার স্বপ্নের সবুজ বাংলার পরিণত করা হবে।
রোববার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালসহ মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর বা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর পরিবেশমন্ত্রী জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট শহীদদের স্মরণে আগারগাঁওস্থ বন ভবনে একটি চারাগাছ রোপণ করেন। এ সময় তিনি বন অধিদপ্তরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধায় তাকে স্মরণ করেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল ও প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ মন্ত্রণালয় ও বন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।