বঙ্গবন্ধু সবসময় শোষিত ও বঞ্চিত মানুষের পাশে থেকেছেন বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আজ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে গবেষণা হচ্ছে, আলোচনা হচ্ছে এবং গ্রন্থ প্রকাশ হচ্ছে।’
মঙ্গলবার (৩১ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে শিল্পসচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির মহাসচিব ড. মো. জয়নুল ইসলাম।
মন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু মানুষের দুঃসময়ে পাশে থাকার রাজনীতি করেছেন। জননেত্রী শেখ হাসিনাও সবসময় গণমানুষের রাজনীতি করছেন। আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিটি দুঃসময়, দুর্যোগে জনগণের পাশে থেকেছে।’ করোনা মহামারির এ দুঃসময়ও আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি। যারা রক্তদানের মতো মহতী কাজে অংশগ্রহণ করেছেন এবং মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করেন মন্ত্রী তাদেরও ধন্যবাদ জানান।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু দেশ ও জাতির কল্যাণে যে স্বপ্ন দেখেছিলেন, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দুজন মুক্তিযোদ্ধার ওপর শিল্প মন্ত্রণালয়ের যে দায়িত্ব অর্পণ করেছেন তা উত্তরোত্তর বৃদ্ধি করে শিল্প-কারখানাগুলোকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে আমরা অঙ্গীকারবদ্ধ।’
তিনি বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত শিল্প মন্ত্রণালয়ের অধীন নতুন নতুন শিল্প-কারখানা স্থাপন করে জাতির কল্যাণে দেশকে এগিয়ে নিয়ে যেতে সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর/সংস্থাসমূহের কর্মকর্তা-কর্মচারীরা স্বেচ্ছায় রক্তদান করেন এবং বেশ কয়েকজন মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করেন।
নদী বন্দর / এমকে