দেশে উন্নয়ন কর্মকাণ্ডে দাতাগোষ্ঠীর অসহযোগিতামূলক আচরণের কথা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘ডোনার সাহেবরা যদি বিদায় নেন, তাহলেও আমরা আমাদের নিজস্ব সম্পদ দিয়ে চলতে পারবো। নানা নীতিমালার কথা বলে ডোনাররা মাঝনদীতে ভাসিয়ে দিয়ে চলে যায়। এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। আমাদের নিজস্ব সম্পদ বেড়েছে।’
রোববার (৫ সেপ্টেম্বর) মিরপুর-২ নম্বরের আন্ডারপ্রিভিলেজড চিলড্রেনস অ্যাডুকেশনাল (ইউসেপ) বাংলাদেশ-এ ‘মুজিববর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ইউসেপ-এর গৌরবময় অভিযাত্রা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমাদের শক্তি আছে, আমরা আর সহায়তা চাই না। তবে কেউ যদি সম্মানপূর্বক আমাদের পাবলিককে সালাম দিয়ে কাজ করে করুক। নীতি পরিবর্তন হয়ে গেছে, আর আমি দেবো না।’
তিনি বলেন, ‘তাদের (ডোনার) নীতিমালা তারা পরিবর্তন করতেই পারে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো বলেন না যে, উনার নীতিমালা পরিবর্তন করেছেন। আমাদের দেশের দায়িত্বগুলা শেষ বিচারে আমাদেরই নিতে হবে। এটাই মূল কথা। আমাদের নিজস্ব সম্পদ আগের তুলনায় অনেক বেড়েছে।’
এম এ মান্নান আরও বলেন, ‘সম্পদ সৃষ্টি করতে হলে কাজ করতে হবে। লোহার ওপর পেটাতে হবে, নৌকা বাইতে হবে অথবা লাঙল চালাতে হবে। লাখ লাখ মানুষ কাজ করছে বলেই সম্পদ সৃষ্টি হচ্ছে। এ সম্পদ আমাদের কাজে লাগাতে হবে। টেকনিক্যাল শিক্ষা কাজে লাগাতে হবে। আমাদের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের জন্য কাজ করছেন।’
অনুষ্ঠানে সভাপতি বক্তব্যে ইউসেপ বাংলাদেশের চেয়ারপারসন পারভীন মাহমুদ এফসিএ বলেন, ‘ইউসেপ বাংলাদেশ দীর্ঘ ৪৯ বছর ধরে বাংলাদেশে সুবিধাবঞ্চিত শিশু ও যুবাদের জন্য নিরলসভাবে কাজ করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে ইউসেপ বাংলাদেশ কাজ করে যাচ্ছে।’