পুরান ঢাকার ওয়ারীর ফকির চাঁন সরদার কমিউনিটি সেন্টারে বুধবার (৮ সেপ্টেম্বর) সুশৃঙ্খলভাবে গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। টিকা নিতে কাউকে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। তবে সকালে টিকাকেন্দ্রের সামনে মানুষের কিছুটা চাপ ছিল।
করোনা সংক্রমণ কমাতে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) থেকে সারাদেশে দ্বিতীয় দফায় গণটিকা কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে একযোগে এই কর্মসূচি চলছে। ফকির চাঁন সরদার কমিউনিটি সেন্টার ডিএসসিসির ৪১ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্র।
বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, টিকাকেন্দ্রের সামনে মানুষের ভিড় নেই। দুই-চারজন করে আসছেন, টিকা নিয়ে চলে যাচ্ছেন। কেন্দ্রের ভেতর নারী এবং পুরুষের জন্য পৃথক দুটি বুথ রয়েছে। বুথের সামনে সাত-আট জন লাইনে দাঁড়িয়ে আছেন। একজনের টিকা নিতে গড়ে এক মিনিট করে সময় লাগছে।
গণটিকাদান কর্মসূচিতে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন মফিজুর রহমান পাভেল। তিনি জানান, এই কেন্দ্রে দিনে ৭০০ জনকে টিকা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এর মধ্যে গতকাল (মঙ্গলবার) ৬০৪ জন টিকা নিয়েছেন। আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গড়ে ৮০ শতাংশ মানুষ টিকা নিয়েছেন। আশা করি, বিকেলের মধ্যে বাকিরা টিকা নেবেন।