চাকরি জাতীয়করণ চান বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিম অঞ্চলের প্রকল্পের অস্থায়ী গেটকিপাররা। এছাড়া বকেয়া বেতন-ভাতা নিয়মিতকরণেরও দাবি জানান প্রকল্পে নিয়োগপ্রাপ্ত অস্থায়ী এসব গেটকিপার।
রোববার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় এক মানববন্ধনে সদ্যগঠিত সংগঠন বাংলাদেশ রেলওয়ে মান-উন্নয়ন শীর্ষক প্রকল্পের অস্থায়ী গেটকিপার সমন্বয় পরিষদ এ দাবি জানায়।
মানববন্ধনে সংগঠনটির সভাপতি মনিরুজ্জামান মনির বলেন, আমাদের চাকরি জাতীয়করণ করতে হবে এবং সেটা ২০২১ সালের মধ্যেই করতে হবে। আমরা জানি কীভাবে তা আদায় করতে হবে। তাই আমরা জোর দাবি জানাই এটার বাস্তবায়নের জন্য।
এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক রায়হান মোল্লা বলেন, আমরা এখানে এসেছি সরকারকে একটি বার্তা দেওয়ার জন্য। আমাদের অনেককিছু থেকে বঞ্চিত করা হয়। আমরা মানবেতর জীবনযাপন করি।
আমাদের বেতন কেন বন্ধ থাকবে? কেন রাজস্বকরণ করা হবে না? আমাদের নিয়োগে সবকিছু মানার পরও কেন এমন তা নিয়ে প্রশ্ন তোলেন রায়হান মোল্লা।
মানববন্ধনে সংগঠনটির বিভিন্ন জেলা থেকে প্রায় কয়েকশ সদস্য অংশ নেন।
নদী বন্দর / এমকে