1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
৩০০ টাকায় ১০০ চ্যানেল, এভাবে চলবে না: প্রতিমন্ত্রী - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ১৩১ বার পঠিত

পৃথিবীর অন্য দেশে প্রতিটি টেলিভিশন চ্যানেল দেখার জন্য আলাদা করে টাকা খরচ করতে হলেও বাংলাদেশে মাত্র ৩০০ টাকায় ১০০টি চ্যানেল দেখা যায়। তবে এভাবে আর চলবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

মঙ্গলবার (৫ অক্টোবর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ট্রাস্টি বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠকের আগে তিনি এ মন্তব্য।

তিনি বলেন, আমরা একটি পরিবার, আমরা সবাই মিলে এই ক্লিনফিড বাস্তবায়ন করবো এবং বিদেশি বিজ্ঞাপন এবং বিদেশি সবকিছুই আমাদের নির্ধারিত মূল্য অনুযায়ী পরিচালনা করতে হবে।

সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, আমি ১০ দিন কানাডায় থেকে আসলাম, আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি একজন সংসদ সদস্য, একজন প্রতিমন্ত্রী তার চেয়ে বড় কথা আমি বাঙালি। আমি কানাডার টরেন্টো, মন্ট্রিল, অটোয়া, ভ্যানকুভার কোথাও একটা (চ্যানেলে) নিউজ দেখতে পারলাম না টাকা পে করা ছাড়া। আর আমার বাংলাদেশে, বঙ্গবন্ধুর বাংলাদেশে, বঙ্গবন্ধুকন্যার বাংলাদেশে সারা পৃথিবীর ৭০০ কোটি মানুষ এসে দেখতে পারবে, মাত্র ৩০০ টাকা লাগে ১০০টি চ্যানেল দেখতে। এভাবে বাংলাদেশ চলবে না।

পরে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দেশের মিডিয়া ইন্ডাস্ট্রির স্বার্থে আইন বাস্তবায়ন করা হচ্ছে। একটি মহল নানা অজুহাতে আইন কার্যকর করতে দেয়নি। এটি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। একটি পক্ষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে তা নয়, সেটিকে পুঁজি করে কেউ কেউ বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করেছিল, সেগুলো হালে পানি পায়নি। আমরা এবার বদ্ধপরিকর আইন কার্যকর করতে। কেউ বিভ্রান্তি ছড়ালে সেটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যেসব চ্যানেল ক্লিনফিড পাঠায় প্রথমে কেউ সেগুলো না চালালেও এখন চালানো শুরু করেছে বলে জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, আমরা আজকেও (মঙ্গলবার) সময় দিচ্ছি, যেসব চ্যানেল ক্লিনফিড হিসেবে আসে সেগুলো চালানোর জন্য। যেসব চ্যানেল ক্লিনফিড আসা সত্ত্বেও চালানো হচ্ছে না সেজন্য দেশের বিভিন্ন জায়গায় আগামীকাল (বুধবার) থেকে মোবাইল কোর্ট চালানো হবে। কেউ যদি কেবল অপারেটরের শর্ত না মানে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা আজকেও সময় দিচ্ছি।

হাছান মাহমুদ বলেন, ফিড ক্লিন করতে প্রযুক্তি লাগবে বলে বলা হলেও সেগুলো ১০ বছর আগে লাগতো, এখন খুবই সহজ। ফিড ক্লিন করে রিয়েল টাইমে সম্প্রচার না করে প্রয়োজনে ১০ মিনিট পরে সম্প্রচার করেন। মিডিয়া ইন্ডাস্ট্রিতে যেরকম আয় উপার্জন হওয়ার কথা ছিল ক্লিনফিড না থাকায় সেটি হচ্ছিল না। যখন ক্লিনফিড বাস্তবায়িত হবে তখন কেউ এই অজুহাত দিতে পারবে না যে ইনকাম নেই তাই কর্মীদের বেতন দিতে পারছি না।

তথ্যমন্ত্রী আরও বলেন, আমি আশা করবো সবাই নিশ্চয় দেশের স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরবেন, যারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছেন তারাও নিশ্চয়ই দেশের সেন্টিমেন্ট, মানুষের সেন্টিমেন্ট অনুধাবন করতে সক্ষম হয়েছেন। সবাই আমাদের সহযোগী, সবাইকে নিয়েই কাজ করতে চাই। কেউ ভুল করলে সেই ভুল সংশোধন করার সুযোগ অবশ্যই সব সময় থাকে।

নদী বন্দর / বিএফ

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com