সরকার ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ সংশোধনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
রোববার (২২ মে) রাজধানীর সিরডাপ (এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র) মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, তামাকদ্রব্য ব্যবহারের ক্ষতিকর দিক বিবেচনা করে তামাকদ্রব্য নিয়ন্ত্রণে বর্তমান সরকার ২০১৩ সালে তামাক নিয়ন্ত্রণ আইনের বেশ কিছু ধারা সংশোধন করে। এছাড়া ২০১৫ সালে তামাক নিয়ন্ত্রণ বিধিমালা প্রণয়ন করা হয়।
এ সময় তামাকদ্রব্য ব্যবহারের ক্ষতিকর দিকগুলো নতুন প্রজন্মের সামনে বেশি বেশি করে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সেমিনারে তামাক নিয়ন্ত্রণ আইন সময়োপযোগীকরণে সকল প্রকার পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ করাসহ বেশ কিছু ধারা সংশোধনের প্রস্তাব করা হয়।
এ সময় মন্ত্রী জানান, সরকার এরই মধ্যে এ আইন সময়োপযোগী করতে আরও বেশ কিছু ধারা সংশোধনের উদ্যোগ নিয়েছে ।
নদী বন্দর/এসএফ