নিরাপদ মাছের উৎপাদন বাড়াতে দেশের জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে আজ (২৩ জুলাই) শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২। বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত সাত দিনের এই র্যালি চলবে ২৯ জুলাই পর্যন্ত।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সপ্তাহের প্রথম দিন আজ (২৩ জুলাই) সকাল ৮ টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সড়ক র্যালি অনুষ্ঠিত হয়েছে। সংসদ ভবনের সামনে থেকে শুরু হয়ে খামার বাড়ি প্রদক্ষিণ করে সংসদ ভবনের সামনে গিয়ে র্যালিটি শেষ হয়। এ বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য ‘নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।
র্যালি শেষে মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য অধিদপ্তর বিভিন্ন প্রচারণা করছে। আজকে আমাদের র্যালি অনুষ্ঠিত হলো। বিপুল সংখ্যক কর্মকর্তা, সুবিধাভোগী র্যালিতে উপস্থিত ছিলেন। নিরাপদ মাছ সবার কাছে পৌঁছে দেওয়া যায় ও নিরাপদ অবস্থানটাকে নিশ্চিত করতে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি। মাছ আমাদের বাঙালি জাতির কৃষ্টির অন্যতম অংশ। ভাতে মাছে বাঙালি সেই ঐতিহ্যকে আমরা ফিরিয়ে আনতে চাই।
‘মাছ শুধু আমরা নিজেরাই খাবো না, বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই। মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূর হবো উদ্যোক্তা তৈরি হবে। গ্রামীণ অর্থনীতি সচল হবে। আমরা চাইব যে যেখানে আছেন ভরাট পুকুর খাল, নদী-নালা, বাওর, বিল সব জায়গায় মাছের চাষ করবেন। এরইমধ্য দিয়ে আমাদের সেই পুরনো দিনের মাছে ভাতে বাঙালির ঐতিহ্যটাকে ফিরিয়ে আনব।’
মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ বিকাল ৪ টায় রাজধানীর হাতিরঝিলে বর্ণাঢ্য নৌ র্যালি অনুষ্ঠিত হবে। সপ্তাহের দ্বিতীয় দিন ২৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৯ টা ৫০ মিনিটে গণভবন লেকে মাছের পোনা অবমুক্ত করবেন। সকাল ১০ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এ অনুষ্ঠানে দেশের মৎস্য খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্ষেত্রে জাতীয় মৎস্য পদক প্রদান করা হবে। এদিন জাতীয় সংবাদপত্রে দেশের মৎস্য খাতের সাফল্য ও অর্জন নিয়ে নিবন্ধ প্রকাশ করা হবে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তৃতীয় দিন ২৫ জুলাই বিকাল ৫ টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবন পুকুরে মাছের পোনা অবমুক্ত করবেন। পঞ্চম দিন ২৭ জুলাই জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবন লেকে মাছের পোনা অবমুক্ত করবেন।
এছাড়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠে তিন দিনব্যাপী কেন্দ্রীয় মৎস্য মেলা অনুষ্ঠিত হবে।
ইলেকট্রনিক মিডিয়ায় মৎস্য সপ্তাহের গুরুত্ব তুলে ধরে সপ্তাহব্যাপী আলোচনা অনুষ্ঠান প্রচার করা হবে। এছাড়াও দেশের সব জেলা-উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে।
নদী বন্দর/এবি