সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, যড়যন্ত্রকারীরা সরব হওয়ার চেষ্টা করছে। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারীদের কোন ছাড় নয়।
শনিবার (১২ নভেম্বর) উপজেলা প্রশাসন, কালীগঞ্জ, লালমনিরহাট আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য একাত্তরের মত আবারও ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে যারা শাসক ছিল, তারা দেশের মানুষের জন্য ভালো কিছু করতে পারেনি। রাজনীতির নামে ধ্বংসাত্মক কার্যক্রম করা গোষ্ঠী সম্পর্কে সজাগ থাকতে হবে। তাদের প্রতিহত করতে হবে।
মন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, আপনারা মিথ্যাচারের বিরুদ্ধে আবারও সোচ্চার হয়ে উঠুন। যেকোন ষড়যন্ত্র আসুক, সে ষড়যন্ত্রকে প্রতিহত করে এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাবান্ধব; তিনি বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণের জন্য সর্বদা সচেষ্ট। বীর মুক্তিযোদ্ধাদের আবাসনের জন্য বীর নিবাস ও মুক্তিযোদ্ধা ভাতা দিয়েছেন কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, জাতির সূর্যসন্তানদের জন্য আগামীতে আরও সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে।
পরে মন্ত্রীর পক্ষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড তুলে দেওয়া হয়।
নদী বন্দর/এসএইচ