স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলনের (ইউএনএলডিসি ৫) একটি পার্শ্ব বৈঠকে কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের (কিউএফএফডি) একটি সমঝোতা স্মারকে সই করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার কাতারের দোহায় সমঝোতায় সই করেন তিনি।
কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের অধীনে ‘এডুকেশন অ্যাবাভ অল ফাউন্ডেশন’ প্রকল্পের আওতায় বাংলাদেশের প্রাথমিক স্তরের ড্রপ-আউট শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তার লক্ষ্যে এ সমঝোতা স্মারক সই হয়েছে।
কাতার ন্যাশনাল কনফারেন্স সেন্টারের একটি হলে কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের পক্ষে সংস্থাটির মহাপরিচালক খলিফা বিন জসিম আল কুওয়ারি সমঝোতা স্মারকে সই করেন। বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী এ চুক্তিতে সই করেন।
কাতারের উন্নয়ন তহবিলের অর্থপ্রাপ্তির ক্ষেত্রে এই সমঝোতা স্মারক একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়। চুক্তি অনুসারে, কাতার সরকার কিউএফএফডির মাধ্যমে প্রাথমিক স্তরের স্কুলের শিক্ষাবঞ্চিত সাড়ে ছয় লাখ শিশুর জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের শিক্ষাখাতে সহায়তার লক্ষ্যে মোট ১২ লাখ ৬৮ হাজার মার্কিন ডলারের তহবিলের জোগান দেবে। প্রকল্পটি পরিচালনা করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এডুকেশন অ্যাবাভ অল (ইএএ) মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার কিছু দেশে কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের অধীনে পরিচালিত একটি আউটরিচ প্রোগ্রাম, যার বার্ষিক বাজেট ৬০০ মিলিয়ন ডলার।
কাতার সরকার কাতারের জাতীয় রূপকল্প ২০৩০ এর অধীনে আন্তর্জাতিক সহযোগিতার প্রতিশ্রুতির অংশ হিসেবে স্বল্পোন্নত দেশগুলোর এসডিজির লক্ষ্য পূরণে সহায়তা প্রদানের লক্ষ্য রাখে।
কাতারের আরেকটি মানবিক সংস্থা ‘কাতার চ্যারিটি’ বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের এবং কিছু স্থানে প্রান্তিক মানুষকে মানবিক ও ত্রাণ সহায়তাও দিয়ে থাকে।
নদী বন্দর/এসএম