কুমিল্লায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে শিক্ষক জাহিদুল আজম সুজন হত্যা মামলায় ছয়জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় দুই নারীকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ মে) বেলা ১১টায় কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. জামাল, মো. ইলিয়াছ, জাকির হোসেন, মো. নয়ন, কামাল ও মিঠুন।
আইনজীবী রফিকুল ইসলাম জানান, ২০১০ সালের ১০ আগস্ট বিকেলে কুমিল্লা মহানগরীর বারপাড়া এলাকায় শিক্ষক জাহিদুল আজম সুজনকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের বাবা ১১ জনকে আসামি করে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত শেষে ৯ জনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
এদের মধ্যে একজন মারা যান। বাকি আটজনের মধ্যে কারাগারে বন্দি রয়েছেন জামাল, ইলিয়াছ ও জাকির হোসেন। বাকি তিনজন নয়ন, কামাল ও মিঠুন বর্তমানে পলাতক।
দোষী সাব্যস্ত না হওয়ায় অপর দুই নারী আসামি রেশমা বেগম ও লাকী আক্তারকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। এরা সবাই বারপাড়া এলাকায় বাসিন্দা।
নদী বন্দর/এসএস